আগামী বছরের নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি সাহিত্যবিষয়ক পাঠ্যবইয়ে বিভিন্ন পরিবর্তন আসছে। সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দিয়ে নতুন করে দুটি গদ্য এবং একটি উপন্যাস যুক্ত করা হচ্ছে। ইংরেজি বই থেকে একটি অধ্যায় বাদ দিয়ে তিনটি নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও সংযোজন-বিয়োজন করা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে বিনা মূল্যের এই পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। এনসিটিবি সূত্র জানিয়েছে, মোট ৪০ কোটি ৩৯ লাখ পাঠ্যবই বিতরণ করা হবে, তবে শুরুতেই সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই পৌঁছানো নিয়ে শঙ্কা রয়েছে।