চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো জানিয়েছে, আগামী বছর থেকে চীন মুদ্রানীতিতে ‘যথাযথ শিথিলতা’ আনবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নীতি প্রণয়নে আরও সক্রিয় হবে। দেশটি অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তা ব্যয় বৃদ্ধিতে জোর দেবে। পলিটব্যুরোর বৈঠকের বিবৃতি প্রকাশিত হওয়ার পর চীনের শেয়ারবাজার চাঙা হয়েছে এবং সরকারি বন্ডের দাম বেড়েছে। ২০১০ সালের পর এই প্রথম চীনের মুদ্রানীতি শিথিলের নির্দেশনা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা এএনজেডের চীনবিষয়ক জ্যেষ্ঠ কৌশলবিদ শিং ঝাওপেং মনে করেন, বড় ধরনের আর্থিক প্রণোদনা, সুদ হার কমানো ও সম্পত্তি কেনাবেচায় প্রণোদনা দেওয়া হবে।